ডেইলি খবর প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচন কমিশন (ইসি) সুস্পষ্ট কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ধীরগতি নেই বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সিনিয়র সচিব।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ ৩১ জুলাই পর্যন্ত রেখেছিল ইসি। এ বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা নাই। ফলে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সময়সীমা পরিবর্তন হতে পারে বা না-ও হতে পারে।’
স্থানীয় সরকার নির্বাচন ও আইন সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সুপারিশ স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। তবে আইনের মালিকানা স্থানীয় সরকার বিভাগের।তিনি বলেন, ‘আমাদের দুজন নির্বাচন কমিশনার দেশের বাইরে আছেন। তাঁরা আসার পরই এটা পাঠাব।’
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। এ ছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে একটি নির্বাচনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতি সময় প্রয়োজন হয়।
তিনি বলেন, ‘তারপর তো বিভিন্ন সময়ের কথা আসছে, সেপ্টেম্বর-অক্টোবরে কথা বলা হয়েছে, আবার ডিসেম্বরের কথা শুনেছি। সুস্পষ্ট কোনো তথ্য না থাকায় এ বিষয়ে আমার না বলা ভালো।’স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি নাএমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমার জানা মতে সে রকম যোগাযোগ হয়নি। তবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, তাতে কোনো ধীরগতি নেই।’
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির তিনটি অংশ রয়েছে। একটি হলো বিধিমালা ও আইন-সম্পর্কিত বিষয়, দ্বিতীয়টি ইকুইপমেন্ট এবং তৃতীয়টি প্রশিক্ষণ।
আখতার আহমেদ বলেন, ‘আচরণ বিধিমালা প্রস্তুত করেছি। ইকুইপমেন্ট আমাদের আছে, ভোটকেন্দ্র আছে। এরপর লাগে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ। টিওটি মডেলে মাস্টার ট্রেইনার ডেভেলপ করে কাজ করব। আমাদের প্রস্তুতি চলমান।’ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :