ডেইলি খবর ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পর সার্বিক পরিস্থিতির উন্নতি হতে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বুধবার (২১ অক্টোবর) থেকে দম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করেছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।
বুধবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি জানায় বিমান।এতে জানানো হয়, ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।
রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় (বাংলাদেশ সময়) ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
২২ অক্টোবর জেদ্দার উদ্দেশে ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকা থেকে একটি করে ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ১৮ অক্টোবর থেকে মদিনা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল ও সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।
বিমান জানায়, ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।
টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :