শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার প্রত্যর্পণ, যা বলছে বিবিসি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১২:২৭ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণ, যা বলছে বিবিসি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার জন্য দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার পাশাপাশি বিকল্প হিসেবে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলসীমান্ত ব্যবহারের পরিকল্পনাও রয়েছে তার। এমনকি ভারত-বাংলাদেশ সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথও চিহ্নিত করেছেন তার সমর্থকেরা। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত তিনি।
শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তার দেশে ফেরার পরিকল্পনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ সরকার। অন্যদিকে তাকে আশ্রয় দেয়া ভারতও পড়েছে কূটনৈতিক জটিলতায়। কারণ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

শুক্রবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে পালিয়ে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। তার মুখপাত্র ইতোমধ্যে জানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মারক ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি।

হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিন বিবিসিকে বলেন, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে একটি উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার চেষ্টা করবেন তিনি। বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে স্থলসীমান্তও।

অরিন বলেন, ‘তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’

ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।

অরিনের দাবি, এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন শেখ হাসিনার সমর্থকেরা।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত পরিকল্পিত ও সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। বিষয়টি তারা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।’

তবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের সরকার।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দেয়া রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। যদিও ওই বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে।

জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালের অভ্যুত্থান চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক বিষয় নয়। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

অন্যদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়ার’ মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি আলাদা বিষয়।

পাঁচ লাখ সমর্থক নিয়ে ফেরার দাবি
​শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তনের পরিকল্পনা হিসেবে দেখছেন না বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এর মাধ্যমে আওয়ামী লীগ আবারও রাজনৈতিক আলোচনায় নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে।

অরিনের দাবি, নির্বাসনে থেকেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। টেলিগ্রামের মাধ্যমে অডিও বৈঠক করে গত ১৮ মাসে ৩০০টির বেশি সভা করেছেন তিনি। দেশের ৬৪ জেলা ও ৩০০ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে এসব বৈঠকে কথা বলেছেন।

আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব বৈঠকের আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে বলেও জানান অরিন।

তার দাবি, শেখ হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষ জড়ো হতে পারেন। তারা মানবপ্রাচীর তৈরি করে তাকে অভ্যর্থনা জানাবেন।

অরিন বলেন, ‘এটি বাস্তবায়নের সাংগঠনিক সক্ষমতা আমাদের রয়েছে।’

তবে এই দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিদেশে, কেউ কারাগারে, আবার কেউ আত্মগোপনে রয়েছেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় মূলধারার রাজনীতিতেও তাদের অংশগ্রহণ সীমিত।

এরপরও বিভিন্ন এলাকায় দলটির সমর্থকেরা ঝটিকা মিছিল ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক মাসগুলোতে এসব কর্মসূচি আরও ঘন ঘন হচ্ছে এবং কোথাও কোথাও সংঘাতের রূপ নিচ্ছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ বেগ পেতে হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষণ

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা থানায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছেন।

রাজনৈতিক বিভক্তির সুযোগ নিতে চায় আওয়ামী লীগ?
​বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টাও থাকতে পারে। অভ্যুত্থানের সময় একজোট হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে মতবিরোধ তৈরি হয়েছে।

ডেইলি ওয়াদার সম্পাদক ও মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, জুলাই সনদ, সাংবিধানিক সংস্কার ও গণভোট নিয়ে মতবিরোধ বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব বাড়িয়েছে।
তার মতে, আওয়ামী লীগ এই বিভক্তিকে কাজে লাগানোর সুযোগ খুঁজছে।

শফিকুল আলম বলেন, দলটি দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনী এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তিকে কাজে লাগিয়ে রাজপথে সক্রিয় হতে চাইছে।
তবে বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের বিক্ষোভ ও সহিংসতা ছড়ানোর সক্ষমতা থাকলেই দলটির ব্যাপক রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে, এমনটা বলা যায় না।

হাসিনাকে নিয়ে কূটনৈতিক চাপে ভারত
​শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ঢাকার অসন্তোষ আরও বাড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে যোগাযোগের চেষ্টা করেছে ভারত।
তবে দুই দেশের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও ভারত সফর করেননি তারেক রহমান।

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সর্বশেষ ঘোষণার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর পড়েছে।

তার ভাষ্য, গত ১০ মাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত যথেষ্ট চেষ্টা করেছে। মন্ত্রিসভার মর্যাদাসম্পন্ন একজন অভিজ্ঞ রাজনীতিককে হাইকমিশনার নিয়োগ এবং নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে নতুন করে আলোচনার প্রস্তাবও দিয়েছে দিল্লি।

তবে এসব উদ্যোগের প্রত্যাশিত ফল না আসায় বাংলাদেশের বিষয়ে হতাশ হয়ে পড়েছে ভারত।

পালিওয়ালের মতে, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাদ দেওয়াও ভারতের স্বার্থের অনুকূলে নয়। দলটির এখনো দেশের বিভিন্ন এলাকায় সমর্থন রয়েছে। তাই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে তিনি।

অন্যদিকে ঢাকায় এই দৃষ্টিভঙ্গি নিয়ে মতবিরোধ রয়েছে। শফিকুল আলমের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ, ট্রানজিট সুবিধা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলো দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে।

ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষকের মতে, শেখ হাসিনা এখনো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হয়ে আছেন। তবে তাকে পাশ কাটিয়ে সামনে এগোনোর পথও খুঁজতে হবে।

১৬ ডিসেম্বর ঘিরে কী ঘটতে পারে

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এখনো নিশ্চিত নয়। তবে তার ঘোষিত তারিখ যত ঘনিয়ে আসছে, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কাও তত জোরালো হচ্ছে।

ঢাকাভিত্তিক ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করে বলেন, ডিসেম্বর মাসে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতের আশঙ্কা রয়েছে। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যেতে পারে।

অ্যাকলেডের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেন, মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে বলে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তার বক্তব্য সমর্থকদের স্পষ্টতই উজ্জীবিত করেছে।

বিবিসির প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এই অনিশ্চয়তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই প্রভাব ফেলছে না, বরং ঢাকা-দিল্লি সম্পর্ককেও আরও জটিল করে তুলছে। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনার পরবর্তী সুযোগ তৈরি হতে পারে শেখ হাসিনার দেশে ফেরা অথবা ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে সমঝোতা হওয়ার পর।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!