আইন-অপরাধ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন আইনজীবী তাঁর পক্ষে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও যেকোনো সময় বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করলেও অপর দুটি আবেদন মঞ্জুর করেন। এদিন আদালতে আনিস আলমগীর উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ মার্চ একই আদালত এ মামলায় তাকে অন্তর্র্বতীকালীন জামিন দেন। চলতি বছর ২৮ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন একই আদালত। গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।মামলার অভিযোগে বলা হয়, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :