লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই সাপ্লিমেন্টের ওপর নির্ভর করেন। কিন্তু বাজারে এত ধরনের ভিটামিন, মিনারেল ও পাউডার থাকায় কোনটি আসলে কার্যকর, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। এই বিভ্রান্তি কাটাতে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কার্ডিওথোরাসিক সার্জন ডা. জেরেমি লন্ডন সম্প্রতি ঘুম, হৃদ্স্বাস্থ্য, হাড়ের শক্তি ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য কিছু কার্যকর সাপ্লিমেন্টের কথা জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন এসব সাপ্লিমেন্ট কখনোই সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক সুস্থতার বিকল্প নয়।
ভালো ঘুমের জন্য-ঘুমের সমস্যায় তিনি ম্যাগনেসিয়াম গ্রহণের পরামর্শ দেন। এটি শরীর সহজে গ্রহণ করতে পারে, কার্যকর এবং পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম।
হার্টের স্বাস্থ্যের জন্য-হার্ট ভালো রাখতে তিনি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডকে সবচেয়ে উপকারী মনে করেন। এটি ট্রাইগ্লিসারাইড কমায়, প্রদাহ হ্রাস করে এবং হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
অন্ত্রের স্বাস্থ্যের জন্য-অন্ত্র ভালো রাখতে কোনো দামি পিল নয়, বরং ফাইবার-কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বিশেষ করে সিলিয়াম হাস্ক গ্লুকোজ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমানো এবং ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক।
হাড়ের জন্য-হাড় মজবুত রাখতে ভিটামিন ডি ও ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যা হাড়কে শক্তিশালী করে।
দীর্ঘায়ুর জন্য-দীর্ঘায়ুর ক্ষেত্রে কোনো একক সাপ্লিমেন্ট নেই বলেই মনে করেন এই সার্জন।সুস্থভাবে দীর্ঘদিন বাঁচতে হলে প্রয়োজন পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন।
সাপ্লিমেন্ট উপকারী হতে পারে,তবে সেগুলো কখনোই মূল জীবনধারার বিকল্প নয়। সুস্থ থাকতে হলে প্রতিদিনের অভ্যাসই সবচেয়ে বড় ভূমিকা রাখে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :