বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মালয়েশিয়ার শ্রম বাজার,৩৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৯:৫৬ পিএম

মালয়েশিয়ার শ্রম বাজার,৩৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মানি লন্ডারিং (অর্থ পাচার) প্রতিরোধ আইনে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী থানায় এই মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তদের মধ্যে তিনজন সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাবেক এক মন্ত্রীর স্ত্রী রয়েছেন। 
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মামলাটি করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন– স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের কর্ণধার ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, তাঁর স্ত্রী জেসমিন মাসুদ ও মেয়ে তাসনিয়া মাসুদ, আহম্মেদ ইন্টারন্যাশনালের মালিক ও সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের স্ত্রী কাশমেরী কামাল এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্ণধার ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন।
মামলার অভিযোগে বলা হয়েছে, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠান। এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ জনপ্রতি আরও ৩৬ হাজার ৫০০ টাকা আদায়ের প্রমাণ মিলেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!