আইন অপরাধ ডেস্ক: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকায় বদলি করা হয়েছে। একই আদেশে বিআরটিএর আরো কয়েকজন কর্মকর্তাকে রদবদল করা হয়।
গত ৩১ আগস্ট জারি করা এক অফিস আদেশে মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়।
মাসুদ আলম আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের পর ব্যাপক আলোচনায় আসেন। ওবায়দুল কাদের তাকে সতর্ক করে বলেছিলেন—‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’। এমন বক্তব্যের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিআরটিএর অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
এ ছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে।
পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজ দায়িত্বের পাশাপাশি ওই কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :