নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সাইফুজ্জামান ওরফে শেখর ও তাঁর স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত শেষে দুজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, সীমা রহমান তাঁর স্বামী সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে ২০২৫ সালের ৭ জানুয়ারি মামলা দায়ের করা হয়।
তদন্তে দুদক জানায়, সীমা রহমানের নামে মোট ৩ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ১৪৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। ব্যবসায়িক পুঁজি, শেয়ার, মোটরযান, আসবাবপত্র, স্বর্ণালংকার, ব্যাংক জমা ও সঞ্চয়পত্রসহ প্রায় ৮২ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্যও মিলেছে। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে ৫ কাঠার একটি প্লট ২৭ লাখ ৫০ হাজার টাকায় এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে ৫ কাঠার একটি প্লট ২ কোটি ৪৫ লাখ টাকায় ক্রয়ের তথ্য পাওয়া গেছে।
তদন্তে দেখা গেছে, ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সীমা রহমানের গ্রহণযোগ্য আয় ৬৭ লাখ ১৩ হাজার ৯৯০ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৩৬ লাখ ১৬ হাজার ৪৬৬ টাকা। এ হিসাবে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৩ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৬৭৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে দুদকের তদন্তে উল্লেখ করা হয়েছে।
দুদক সূত্র বলেছে, সীমা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এবং সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :