আইন-অপরাধ ডেস্ক: চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ছয়জনকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।
দণ্ডিত অন্যরা হলেন জাবেদের স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম।
আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ছয়জনের সাজা চেয়ে রোববার আবেদন করেন ব্যাংকের আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড দেন। তারা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয়া হয়েছিল। সেই ঋণ পরিশোধ না করায় ২০২৫ সালে আদালতে অর্থ মামলা করে ব্যাংক।ওই মামলায় ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করেন আদালত। নির্ধারিত ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ না করায় পাওনা আদায়ে গত জুলাইয়ে অর্থঋণ জারি মামলা করে ব্যাংক।
ঋণের বিপরীতে বন্ধকী সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে টাকা আদায় করা সম্ভব হয়নি। ছয় ঋণখেলাপির টাকা পরিশোধে আগ্রহ নেই উল্লেখ করে তাদের সাজা দেয়ার আবেদন করে ব্যাংক। পরে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারায় প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড দেন বিচারক।
অর্থঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ছয় ঋণখেলাপির সাজা চেয়ে আবেদন করেন ব্যাংকের আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড দেন। তারা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :