আইন-অপরাধ ডেস্ক: জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের এ আদেশ দেন।
এদিন আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন অব্যাহতির আবেদন করে শুনানি করেন। এরপর তিনি জামিন চেয়েও আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দেন। এরপর প্রতারণা ও জালিয়াতির আরেক মামলায় আহম্মেদ জোবায়েরের পক্ষে জামিনের আবেদন করা হয়। তবে ওই মামলায়ও জামিন আবেদন নামঞ্জুর হয়।
গত ১৮ জুন আদালতে আহমেদ জোবায়েরসহ চারজন হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়— সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দুটি গাড়ি ও উত্তোলন করা অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি এসব ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া, সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ এসব সম্পদ ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি।
এ ঘটনায় গত বছরের ৫ মে সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর গত ১০ মে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :