আদালত প্রতিবেদক: রাজধানীর গুলশানের চাঁদাবাজিকাণ্ডে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনকে একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।
কারাগারে পাঠানো অপর তিনজন হলেন একই প্রতিষ্ঠানের ছাত্র মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।আজ মামলার তদন্তকারী কর্মকর্তা,গুলশান থানার উপপরিদর্শক (এসআই)আরমান আলী আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী এস এম জাকির হোসেনসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/২২ জনকে আসামি করে এ হত্যাচেষ্টা মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের পূর্বশত্রুতা ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চতুর্থ তলায় ৪১২ নম্বর রুমে সাক্ষাৎ হলে আসামিরা তাকে (নির্জন) তাদের স্থায়ী ক্যাম্পাস এবং কনভোকেশন অংশগ্রহনের জন্য বলেন। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করার সময়ে রিয়াদের হুকুমে আসামি রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে আঘাত পান। রিয়াদ সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার নাকে লেগে উপরিভাগ কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এসময় নির্জনকে এলোপাতারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। তখন তার বন্ধুবান্ধব ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিক্ষকরা এগিয়ে আসলে আসামিরা তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে নিয়ে যায়।
এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলা গ্রেপ্তার হয়েছিলেন রিয়াদ। ওই জামিন জামিনে কারামুক্ত হয়ে এবার হত্যাচেষ্টা মামলায় নাম জড়ালেন। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :