রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

শ্রেয়া ঘোষাল বলিউডের ‘কাস্টিং কাউচ’ নিয়ে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৫:৫৫ পিএম

শ্রেয়া ঘোষাল বলিউডের ‘কাস্টিং কাউচ’ নিয়ে

বিনোদন ডেস্ক: ‘কাস্টিং কাউচ’ বলতে সাধারণত চলচ্চিত্র বা বিনোদন জগতে কাজ, অভিনয়ের সুযোগ কিংবা ক্যারিয়ারে এগিয়ে দেওয়ার বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার মতো পরিস্থিতিকে বোঝায়। বলিউডে এ নিয়ে আলোচনা হলে সাধারণত অভিনেত্রীদের অভিজ্ঞতাই সামনে আসে। তবে এই সমস্যা শুধু অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এমন কথাও বহুবার উঠে এসেছে। এবার ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ ও কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচ বা এ ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে এ ধরনের সমস্যা যে রয়েছে, তা অস্বীকার করেননি তিনি।

শ্রেয়ার মতে, বর্তমান সময়ে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা বদলেছে। তাঁর ভাষায়, একসময় ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য পথটা অনেক বেশি কঠিন ছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় কাজের জায়গায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও তা সহজে প্রকাশ্যে আসত না।

নিজের শুরুর সময়ের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন শ্রেয়া। মাত্র ১৩ বছর বয়সে তাঁর সংগীতজীবন শুরু হয়। সেই সময় কাজের জায়গায় প্রায়ই তাঁর সঙ্গে বাবা-মা থাকতেন। ফলে কেউ তাঁর সঙ্গে কোনো ধরনের অনুচিত আচরণ করার সাহস পেতেন না বলে জানান তিনি।

শ্রেয়ার বক্তব্য, পরিবারের উপস্থিতি তাঁর জন্য বড় ধরনের সুরক্ষার জায়গা ছিল। তবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে পুরো ইন্ডাস্ট্রির পরিস্থিতি বিচার করা ঠিক হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

সাক্ষাৎকারে কাস্টিং কাউচের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে পুরুষ ও নারী শিল্পীদের পারিশ্রমিকের পার্থক্য নিয়েও কথা বলেছেন শ্রেয়া ঘোষাল।

তাঁর মতে, বিষয়টিকে সবসময় শুধু লিঙ্গের ভিত্তিতে বিচার করা ঠিক নয়। কারণ পুরুষ শিল্পীদেরও ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিক নিয়ে দর-কষাকষির মধ্য দিয়ে যেতে হয়।

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরে শ্রেয়া জানান, তিনিও বহু গান বিনা পারিশ্রমিকে গেয়েছেন। তাঁর মতে, শিল্পীদের পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে শুধু নারী-পুরুষের পার্থক্য নয়, বরং ক্যারিয়ার ও কাজের অবস্থানসহ অন্যান্য বিষয়ও বিবেচনায় রাখা উচিত। ছবি-সংগৃহীত,সূত্র: এনডিটিভি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!