বিনোদন ডেস্ক: রূপালি পর্দায় তার উপস্থিতি এখন আর নিয়মিত নয়। তবুও আলোচনায় কলকাতার নায়িকা পূজা বন্দোপাধ্যায়। একটা সময় টলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করে। পর্দায় তার উপস্থিতি নজর কেড়েছিল। কিন্তু ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে তিনি পাড়ি জমান মুম্বাইতে। সেখানেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়।
মুম্বাই গিয়ে অভিনেতা কুনার ভার্মার সঙ্গে গড়ে ওঠে তার প্রেমের সম্পর্ক। ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় একসঙ্গে থাকার সিদ্ধান্তে। তবে তখনও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি তারা।
২০২০ সালে হঠাৎ আসে সুখবর। দু’জন থেকে তিন হতে চলেছেন তারা। অন্তঃসত্ত্বা হন পূজা। সেই খবর জানার পরই আইনিভাবে বিয়ের পথে হাঁটেন পূজা ও কুণাল। যদিও তাদের পরিকল্পনা ছিল, সন্তানের জন্মের পর সামাজিকভাবে বিয়ে করবেন।
কিন্তু ঠিক সে সময়ই বিশ্বজুড়ে নেমে আসে কোভিড-১৯ মহামারি। লকডাউনের বাস্তবতায় থমকে যায় তাদের বিয়ের আয়োজন। সন্তান জন্মের পর ঘরবন্দি সময় কাটাতে হয়। ছেলের নাম রাখেন কৃশিব। মাতৃত্বের নতুন অভিজ্ঞতায় ডুবে যান পূজা। ক্যারিয়ারের ব্যস্ততা কিছুটা সরিয়ে রেখে উপভোগ করতে থাকেন সন্তানের বেড়ে ওঠা।
এক সাক্ষাৎকারে পূজা জানান, অভিনয় তার কাছে শুধুই পেশা নয়, এক ধরনের ভালোবাসা। তবে সেই ভালোবাসার পাশাপাশি সমান গুরুত্ব দিতে চান মাতৃত্বকে। নিজের হাতে সন্তানের যত্ন নেওয়া, তার সঙ্গে খেলা, সময় কাটানো—সবকিছুতে যেন খুঁজে পান জীবনের নতুন মানে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আবার কাজে ফেরেন পূজা। বাংলা ও হিন্দি—দুই মাধ্যমেই শুরু করেন অভিনয়। তবে সব ব্যস্ততার মাঝেও সন্তানের দিকে নজর রাখতে ভোলেন না তিনি।
অবশেষে ২০২১ সালের নভেম্বরে স্বপ্নপূরণ। ধুমধাম করে সামাজিক বিয়ের আয়োজন করেন পূজা ও কুণাল। বাঙালি রীতিতে অনুষ্ঠিত সেই বিয়ে মুহূর্তে ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। বিয়ের সবচেয়ে নজড়কাড়া দিক ছিল—তাদের একমাত্র ছেলে কৃশিবের উপস্থিতি। একমাত্র সন্তানকে কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা।
পূজা ও কুণালের ইচ্ছা ছিল, তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে যেন সন্তানও অংশ নেয়। সেই ইচ্ছা পূরণ হয় পরিপূর্ণভাবেই। রঙ মিলিয়ে পোশাক পরে, কখনও মায়ের কোলে, কখনো বাবার পাশে ছোট্ট কৃশিব হয়ে ওঠে বিয়ের অন্যতম আকর্ষণ। সেই মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
এরপর আরও একটি সুখবর শেয়ার করেন পূজা। চলতি বছরের এপ্রিলে সামাজিকমাধ্যমে জানান, তিনি আবারও মা হতে চলেছেন। সূত্র: জি-নিউজ

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :