বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। দেশটির প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
বড় বাজেটের এই জীবনীভিত্তিক চলচ্চিত্রটি একাধিক ভারতীয় ভাষায় নির্মিত হবে। সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণী নির্মাতা গৌতম তিন্নানুরি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় এক বছর গবেষণা করে তিনি ছবিটির চিত্রনাট্য প্রস্তুত করেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে। সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর।
এম এস সুব্বুলক্ষ্মীর জীবনকে শুধু একজন সংগীতশিল্পীর সাফল্যের গল্প হিসেবে নয়, তাঁর দীর্ঘ সাধনা, ধৈর্য ও ত্যাগের দিকটিও চলচ্চিত্রে তুলে ধরতে চান নির্মাতা। এ প্রসঙ্গে গৌতম তিন্নানুরি বলেন, ‘এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী সারা জীবন সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন।
গানের পাশাপাশি সেই মানুষটির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চাই আমরা।’
এদিকে কিংবদন্তি শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশমিকা মান্দানা। সুব্বুলক্ষ্মীর জীবন ও ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার সুযোগকে নিজের জন্য বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
রাশমিকা বলেন, ‘আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার (সুব্বুলক্ষ্মী) ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আম্মা (সুব্বুলক্ষ্মী) নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।’
ভারতীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মীর অবদান অনন্য। তাঁর সেই বর্ণময় জীবন, সংগীতসাধনা ও ব্যক্তিগত যাত্রাই এবার রাশমিকার অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে দর্শকের সামনে আসতে চলেছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :