বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মিস ইউনিভার্স ইন্ডিয়ার উমাঙ্গা ফিরলেন গুগলের চাকরিতে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:২৮ পিএম

মিস ইউনিভার্স ইন্ডিয়ার উমাঙ্গা ফিরলেন গুগলের চাকরিতে

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই গ্ল্যামার জগৎ থেকে নিজের নিয়মিত কর্মজীবনে ফিরে এসেছেন উমাঙ্গা কুমাবত। মিস ইউনিভার্সের জাঁকজমকপূর্ণ মঞ্চ সামলে তিনি এখন গুগলের ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে দৈনন্দিন দায়িত্ব পালন করছেন।

২৩ আগস্ট ভারতের জয়পুরে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর ফাইনালে মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন উমাঙ্গা। দেশের ৫২ জন প্রতিযোগীর মধ্যে সেরা ২০-এ জায়গা করে নেন তিনি। উল্লেখ্য, এই আসরে কেরালার কাজিয়া লিজ মেহিয়া বিজয়ী হয়ে জাতীয় খেতাব অর্জন করেন।

প্রতিযোগিতা শেষ করে সম্প্রতি গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাস থেকে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন উমাঙ্গা, যেখানে তিনি প্রতিযোগিতার পর নিজের সাধারণ কর্মদিবসের এক ঝলক তুলে ধরেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে ল্যাপটপ, ব্যাকপ্যাক ও ইয়ারবাড নিয়ে গুগলের অফিসের উদ্দেশে রওনা হন তিনি। কাজ শুরুর আগে অফিসের ওয়েলনেস সেন্টারে যান তিনি। সেখানে ট্রেডমিলে হাঁটার পাশাপাশি স্ট্রেচিং ও ব্যায়াম সেরে নেন। দুপুর সাড়ে ১২টার দিকে ডেস্কে ফিরে ল্যাপটপে নিজের কাজ ও নথি পর্যালোচনা শুরু করেন।

দুপুর ২টা ১০ মিনিটে ক্যাফেটেরিয়ায় লাঞ্চ সম্পন্ন করেন। বিরিয়ানি ও ডেজার্টের সুযোগ থাকলেও তিনি স্বাস্থ্যকর নুডলস স্যুপ বেছে নেন। বিকেল সাড়ে ৫টার দিকে কফি বিরতি শেষে দিনের কাজ সম্পন্ন করেন।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, উমাঙ্গা কুমাবত গুগলে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ক্লাউড প্রযুক্তি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং জেনারেটিভ এআই নিয়ে কাজ করার সুনির্দিষ্ট অভিজ্ঞতা রয়েছে তার।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!