রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি, পাল্টা প্রশ্ন স্বস্তিকা মুখার্জির

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৪:০৪ পিএম

কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি, পাল্টা প্রশ্ন স্বস্তিকা মুখার্জির

বিনোদন ডেস্ক: বলিউডে ‘টক্সিক’ সিনেমায় ইয়াশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে ‘তবাহি’ গানে দুই তারকার অন্তরঙ্গ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন কিয়ারা। সিনেমাটি মুক্তির পর বিষয়টি নিয়ে কথা বলেছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

‘তবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির সাহসী অবতার নিয়ে আপত্তি জানান নেটিজেনদের একাংশ। কেউ প্রশ্ন তোলেন, সন্তান হওয়ার পর কিংবা কারও স্ত্রী হওয়ার পর একজন অভিনেত্রী কীভাবে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারেন। এমনকি গানটি নিয়ে ‘কন্ডোমের বিজ্ঞাপন’ বলেও কটাক্ষ করা হয়।

এমন পরিস্থিতিতে কিয়ারার সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন স্বস্তিকা। তার সরাসরি প্রশ্ন, ‘কিয়ারা কি মাদার টেরেসার চরিত্রে অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন?’

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, কোনো সিনেমা দেখার আগেই দর্শকদের একাংশ নারী ও অভিনেত্রীদের নিয়ে নিজেদের মতামত তৈরি করে ফেলেন। অথচ সিনেমার গল্প, চরিত্র কিংবা দৃশ্যের প্রেক্ষাপট সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না।

স্বস্তিকার ভাষায়, সিনেমায় কী আছে, চরিত্রটির গুরুত্ব কী, গল্পটি কী—এসব না জেনেই শুধু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে শুনে সমালোচনা শুরু হয়ে যায়। তাঁর মতে, একজন অভিনেত্রী কোন ধরনের চরিত্রে অভিনয় করবেন, সেটি তাঁর পেশাগত সিদ্ধান্ত।

স্বস্তিকা আরও বলেন, ‘কিয়ারা বা অন্য অভিনেত্রীরা কি দর্শকের জন্য চুক্তিপত্রে সই করেন? এমন কোনো প্রচারপত্র কি তারা বিলি করেছিলেন, যেখানে লেখা ছিল—আমি শুধু মাদার টেরেসার মতো চরিত্রেই অভিনয় করব?’

অভিনেত্রীর মতে, ভারতীয় সমাজে যৌনতা নিয়ে এখনও এক ধরনের অস্বস্তি ও ট্যাবু রয়েছে। অথচ যৌনতা মানুষের জীবনের স্বাভাবিক অংশ।

সন্তান জন্ম দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই মানুষ পরিবার গড়ে তোলে। তাই সিনেমায় যৌনতা বা অন্তরঙ্গতার উপস্থাপনাকে ঘিরে অতিরিক্ত নৈতিকতার বিচার তিনি সমর্থন করেন না।

স্বস্তিকার ভাষায়, সমাজের সব শ্রেণির মানুষের জীবনেই যৌনতা রয়েছে। তাই পর্দায় কোনো অভিনেত্রী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই তাঁর ব্যক্তিগত চরিত্র, বৈবাহিক পরিচয় কিংবা মাতৃত্বকে টেনে এনে প্রশ্ন তোলা উচিত নয়।

এদিকে ‘টক্সিক’-এ ইয়াশ ও কিয়ারার রসায়ন নিয়ে মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কও সিনেমাটিকে ঘিরে আলোচনার অন্যতম বড় বিষয় হয়ে উঠেছে। সেই বিতর্কে এবার কিয়ারার সমর্থনে সরব হয়ে নতুন মাত্রা যোগ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সংগৃহীত ছবি  সূত্র: সংবাদ প্রতিদিন

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!