বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ছেলেকে রেখেছিলেন আড়ালে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে তার ছোট্ট হাত কিংবা বড় হওয়ার মুহূর্তের ঝলক মিললেও মুখ দেখা যায়নি স্পষ্টভাবে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীপাবলির আনন্দে ভক্তদের জন্য বিশেষ উপহার দিলেন তারা। প্রকাশ্যে আনলেন ছেলে ভিহান কৌশলের মুখ। ছবিটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, রোববার (৮ নভেম্বর) ইনস্টাগ্রামে পরিবারের একটি ছবি শেয়ার করেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’
ছবিতে তিনজনকেই দেখা গেছে ভারতীয় পোশাকে। হলুদ রঙের কারুকাজ করা পোশাকে মেঝেতে বসে আছেন ক্যাটরিনা। কানে বড় দুল, খোলা চুল আর মুখে মিষ্টি হাসি। মায়ের পাশে দাঁড়িয়ে ছোট্ট ভিহান। তার পরনে ক্রিম রঙের কুর্তা-পায়জামা, সঙ্গে হলুদ প্রিন্টের নেহরু জ্যাকেট। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে সে। অন্যদিকে, ক্রিম রঙের কারুকাজ করা কুর্তা পরে ছেলের পাশে বসে হাসিমুখে পোজ দিয়েছেন ভিকি।
ছবিটি আরও বিশেষ হয়ে উঠেছে ভিহানের প্রথম জন্মদিনের পর প্রকাশ পাওয়ায়। গত ৭ নভেম্বর এক বছর পূর্ণ করেছে ভিকি-ক্যাটরিনার ছেলে। ২০২৫ সালের ৭ নভেম্বর প্রথম সন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টে ছেলের জন্মের খবর জানিয়েছিলেন তাঁরা। লিখেছিলেন, তাদের জীবনে আনন্দের নতুন অধ্যায় শুরু হয়েছে।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। সে সময় ভিকির হাতে ক্যাটরিনার বেবি বাম্পের একটি পোলারয়েড ছবি প্রকাশ করেছিলেন তারা। ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেন এই দম্পতি। ছোট্ট ছেলের হাতের সঙ্গে নিজেদের হাত রেখে তোলা একটি ছবি পোস্ট করে জানান, তাদের সন্তানের নাম ভিহান কৌশল। নামটি প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল বাড়তি কৌতূহল। কারণ, ২০১৯ সালের ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় ভিকির চরিত্রের নাম ছিল মেজর ভিহান সিং শেরগিল।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :