বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সিনেমা হলের বাইরে ভিড়-টিকিটের হাহাকার এড়াতে বিজয়ের নতুন নিয়ম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০২:০৬ পিএম

সিনেমা হলের বাইরে ভিড়-টিকিটের হাহাকার এড়াতে বিজয়ের নতুন নিয়ম

বিনোদন ডেস্ক: বড় বাজেটের সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহের সামনে দর্শকের দীর্ঘ লাইন, টিকিটের জন্য হাহাকার—দক্ষিণ ভারতের সিনেমা অঙ্গনে এমন দৃশ্য পরিচিত। বিশেষ করে প্রথম দিনের প্রথম শো দেখতে দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। এবার সেই চাপ সামলাতে তামিলনাড়ুর প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার নতুন এই নিয়মে অনুমোদন দিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, তামিলনাড়ুতে কোনো সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন সর্বোচ্চ ছয়টি শো চালানো যাবে। শুধু কর্মদিবস নয়, সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও স্থানীয় উৎসবের দিনেও একই নিয়ম কার্যকর থাকবে। সকাল ৬টা থেকে পরদিন রাত আড়াইটা পর্যন্ত সিনেমা প্রদর্শনের সুযোগ পাবেন প্রেক্ষাগৃহ মালিকেরা।

চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিল ফিল্ম অ্যাকটিভ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, প্রডিউসার্স কাউন্সিল এবং থিয়েটার অ্যান্ড মাল্টিপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল।

তাদের যুক্তি, বড় বাজেটের সিনেমা মুক্তির প্রথম কয়েক দিনে টিকিটের চাহিদা অনেক বেড়ে যায়। কিন্তু শোর সংখ্যা সীমিত থাকায় অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। প্রদর্শনীর সংখ্যা বাড়ানো হলে দর্শকের এই ভোগান্তি কমবে।

এর আগে ১৯৫৭ সালের তামিলনাড়ু সিনেমা আইন অনুযায়ী, প্রেক্ষাগৃহে দিনে সর্বোচ্চ চারটি শো চালানোর নিয়ম ছিল। পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সংখ্যা বাড়িয়ে পাঁচটি করা হয়। এবার প্রযোজক ও হল মালিকদের দাবির পাশাপাশি সিনেমার বাজার ও দর্শকের চাহিদা বিবেচনায় শোর সংখ্যা ছয়ে উন্নীত করা হলো।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, নতুন এই সিদ্ধান্তের ফলে সিনেমার টিকিট বিক্রির সুযোগ বাড়বে। বিশেষ করে বড় তারকার সিনেমা মুক্তির সময় দর্শকের চাপ সামলানো সহজ হবে। এতে প্রযোজক, পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকেরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন বলে আশা করা হচ্ছে। সংগৃহীত ছবি, সূত্র: দ্য ওয়াল

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!