সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে যৌন হয়রানি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ১০:০২ এএম

শুটিংয়ে যৌন হয়রানি

বিনোদন ডেস্ক: অভিনয়জীবনের শুরুর দিকে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে একটি সিনেমার শুটিংয়ে পরিচালক তাকে হয়রানি করেছিলেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। তখন নিজের ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় থাকায় কাজ হারানোর ভয়ে প্রতিবাদ করতে পারেননি তিনি।

সম্প্রতি দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা। ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের পর বলিউডে নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন তিনি। বয়সও তখন বিশের কোঠায়। ব্যক্তিগত কোনো দল বা প্রভাবশালী যোগাযোগ না থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো সমর্থন তার ছিল না।

স্বরা বলেন, ‘আমি তখন অন্য রকমভাবে অসহায় ছিলাম। আমার ব্যক্তিগত কোনো দল ছিল না। এমন কেউ ছিল না, যার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারতাম।’

সিনেমাটির শুটিং চলার কথা ছিল টানা ৫৬ দিন। শুটিংয়ের শুরুর দিকেই পরিচালকের আচরণে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। কিন্তু মাঝপথে কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেননি। কারণ, তখন ক্যারিয়ারে নিজের অবস্থান তৈরি করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য। কাজ হারানোর ভয়ও ছিল।

স্বরা বলেন, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে। সেটাই বা অন্যায় কেন?’

তবে পরিস্থিতি চেপে না রেখে সিনেমাটির নির্বাহী প্রযোজককে পরিচালকের আচরণের কথা জানান তিনি। এরপর বাকি শুটিংয়ে স্বরার নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন ওই প্রযোজক। অভিনেত্রীর ভাষ্য, সেই কঠিন সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বর্তমানে ওই ব্যক্তিই স্বরার ম্যানেজার।

অভিনেত্রী বলেন, ‘তিনি আমার বন্ধু হয়ে উঠেছিলেন। তখন তিনি আমাকে সুরক্ষা দিয়েছিলেন। আর এখন তিনিই আমার ম্যানেজার।’

২০১১ সালের তুলনায় বর্তমানে কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে সচেতনতা বেড়েছে বলে মনে করেন স্বরা। চলচ্চিত্রজগতে নতুন আসা নারীদের শুরু থেকেই নিজেদের সীমারেখা স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তিনি। কোনো ধরনের হয়রানির মুখে পড়লে দ্রুত অন্যদের সঙ্গে কথা বলা, সহায়তা চাওয়া এবং প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, এখন এসব বিষয়ে কথা বলার সুযোগ আগের চেয়ে অনেক বেশি। সংগৃহীত ছবি, সূত্র: আউটলুক ইন্ডিয়া

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!