সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

দিদিকে হারানো যেন আমার পৃথিবী শূন্য হয়ে যাওয়া-রুনা লায়লা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৪৫ পিএম

দিদিকে হারানো যেন আমার পৃথিবী শূন্য হয়ে যাওয়া-রুনা লায়লা

বিনোদন ডেস্ক: প্রিয় ‘আশা দিদি’কে হারিয়ে শোকে স্তব্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লা। দীর্ঘদিনের পারিবারিক সখ্য আর গভীর মমতার সম্পর্কের অবসান হওয়ায় ভেঙে পড়েছেন তিনি। কিংবদন্তি এই শিল্পী তার শোকাতুর প্রতিক্রিয়ায় বলেন, পৃথিবীর বড় বড় দুজন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। ২০২২ সালে লতা মঙ্গেশকর দিদি চলে গেলেন, আর আজ চলে গেলেন আশা দিদি। এমন মাপের শিল্পী এই পৃথিবীতে আর জন্মাবে না। আমার মনে হচ্ছে, আজ আমার চেনা পৃথিবীটাই যেন হঠাৎ শূন্য হয়ে গেল।
আশা ভোঁসলের সঙ্গে রুনা লায়লার সম্পর্ক কেবল পেশাদারত্বের ছিল না, তা ছিল গভীর স্নেহ ও পারিবারিক মমতার। সেই সম্পর্কের স্মৃতিচারণ করে তিনি বলেন, তারা দুজনেই আমাকে মায়ের মতো স্নেহ করতেন। এই হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। শেষবার তার সঙ্গে সরাসরি দেখা হয়েছিল আমারই সুরে ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানটির রেকর্ডিংয়ের সময়। এর পর ফোনে কথা হয়েছে বহুবার। কয়েক দিন ধরেই ভাবছিলাম দিদিকে একটা ফোন দেব। কিন্তু আজ-কাল করতে করতে আর কথা বলা হলো না। এই আক্ষেপ আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে।
কণ্ঠের সেই চিরচেনা সতেজতা ছাপিয়ে রুনা লায়লার আজ শুধুই হাহাকার। আক্ষেপের স্বরে তিনি আরও বলেন, যখনই মনে হয়েছিল ফোন করি, তখনই যদি করে ফেলতাম, তা হলে হয়তো আজ এই শূন্যতাটুকু থাকত না। শেষ কথাটাও বলা হলো নাÑ নিজের ভেতর এই কষ্টটা পাথর হয়ে চেপে বসে আছে।উপমহাদেশীয় সংগীতের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল আশা ভোঁসলের প্রয়াণে, যার অভাব রুনা লায়লার মতো উত্তরসূরিদের হৃদয়ে অপূরণীয় হয়ে থাকবে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!