মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাকিরা জিতলেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৭:০০ পিএম

শাকিরা জিতলেন

বিনোদন ডেস্ক: স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় উচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে করদাতা হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় ১৮৩ দিন সেখানে ছিলেন, এমন প্রমাণ দিতে পারেনি কর কর্তৃপক্ষ।আদালতের হিসাবে ওই বছর তিনি স্পেনে ছিলেন ১৬৩ দিন, যা নির্ধারিত সীমার চেয়ে ২০ দিন কম। ফলে সেই করবর্ষে তাকে স্পেনের কর বাসিন্দা হিসেবে ধরা যাবে না।
শাকিরার আইনজীবীরা আদালতে জানান, ২০১১ সালে তিনি বিশ্ব সফরে ছিলেন। ওই সফরে ৩৭টি দেশে ১২০টি কনসার্টে অংশ নেওয়ায় বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকা তার পক্ষে সম্ভব ছিল না।রায়ের পর গায়িকা বলেন, ‘দীর্ঘ আট বছর ধরে আমাকে জনরোষ, অপপ্রচার ও মানসিক চাপ সহ্য করতে হয়েছে।’ আদালতের এ সিদ্ধান্তে ‘অবশেষে সত্য স্পষ্ট হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থের সঙ্গে সুদও শাকিরাকে ফেরত দিতে হবে। তবে কর সংস্থা জানিয়েছে যে, তারা সর্বোচ্চ আদালতে আপিল করবে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ দেওয়া হবে না। কলম্বিয়ার এ তারকার মূল বাড়ি বাহামায়।কলম্বিয়ান এ তারকা ২০১০ সালে স্পেনের ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং দীর্ঘ সময় স্পেনে বসবাস করেছেন। দীর্ঘ সম্পর্কে বিয়ের বাঁধনে না জড়ালেও ২০১৩ ও ২০১৫ সালে তাদের দুই সন্তান হয়।২০২২ সালে এ সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণাও দেন এই গায়িকা। তবে ২০২৩ সালের নভেম্বরে একটি সমঝোতা চুক্তির আওতায় শাকিরা ২০১২-১৪ সালের কর ফাঁকির ছয়টি অভিযোগ স্বীকার করেন। এবং কারাদণ্ড এড়াতে ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানা দিতে রাজিও হন। সেই সময় শাকিরা বলেছিলেন যে, সন্তানদের রক্ষা করতে এবং ক্যারিয়ারে মন দিতে তিনি এ সমঝোতায় পৌঁছেছেন।ছবি-সংগৃহীত

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!