বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বলিউড কিং শাহরুখ ঘুম থেকে উঠেই প্রথমেই কি করেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০৮:৫৬ এএম

বলিউড কিং শাহরুখ ঘুম থেকে উঠেই প্রথমেই কি করেন?

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশাহ শাহরুখ খানের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। পর্দায় তার রাজকীয় উপস্থিতি, ব্যক্তিত্ব কিংবা ফিটনেস সবকিছু নিয়েই আলোচনা হয়। তবে জানেন কি, ৬১ বছর বয়সেও এই সুপারস্টারের সকাল শুরু হয় বিশেষ এক অভ্যাস দিয়ে? আর সেই অভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে তিন কাপ কফি।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানেই এক ভক্ত তাকে প্রশ্ন করেন, বাস্তব জীবনে তার সবচেয়ে ‘রাজকীয়’ অভ্যাস কোনটি? উত্তরে বলিউড বাদশাহ জানান, সকালে তার তিন কাপ কফি চাই-ই চাই। শুধু তা-ই নয়, বিছানায় বসেই এই কফি পান করতে পছন্দ করেন তিনি। সকালবেলা তার সঙ্গে কেউ কথা বলার আগেই এই তিন কাপ কফি প্রয়োজন। এমনকি কাজে যাওয়ার জন্য দেরি হয়ে গেলেও কফি খাওয়ার অভ্যাসে ছেদ পড়ে না।

মজার ছলে শাহরুখ আরও বলেন, এরপর শুটিং সেটে দেরিতে পৌঁছানোর জন্য তাকে পরিচালকদের বকুনি শুনতে হয়। তখন আর নিজের মধ্যে রাজকীয় কোনো অনুভূতি অবশিষ্ট থাকে না। শাহরুখের এই উত্তর মুহূর্তেই ভক্তদের আগ্রহের বিষয় হয়ে ওঠে। কারণ, পর্দার বাদশাহর এমন সাধারণ অথচ অনড় অভ্যাস অনেক কফিপ্রেমীর কাছেই বেশ পরিচিত।

শাহরুখের বয়স বাড়লেও তার চেহারা ও ফিটনেস নিয়ে ভক্তদের বিস্ময়ের শেষ নেই। গত বছর ৬০তম জন্মদিনের আগে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, প্রতিবছর তাকে আরও তরুণ দেখানোর রহস্য কী? জাদু, নাকি ত্বকের বিশেষ যত্ন? হাস্যরসাত্মক ভঙ্গিতে শাহরুখের উত্তর ছিল, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’। অর্থাৎ তার মন এখনো তরুণ।

এক পুরোনো সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়েও কথা বলেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, সাধারণত দিনে দুবার দুপুর ও রাতে খাবার খান। তার নিয়মিত খাবারের তালিকায় থাকে স্প্রাউটস, গ্রিলড চিকেন, ব্রকলি ও ডাল। তবে ভালোবাসা দিয়ে কেউ বিরিয়ানি, রুটি, পরোটা কিংবা লাচ্ছি খাওয়ালে তা ফিরিয়ে দেন না।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!