বিনোদন ডেস্ক: ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো কখনো ভাবেননি তিনি। রীতিমতো মারধর ও ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। বাংলাদেশ সময় আজ সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় বাঁধন নিজে এ অভিযোগ করেন।
তিনি জানান, স্থানীয় এক পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।
হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালিও করা হয়।
ভিডিওবার্তায় বাঁধন আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’
ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধও করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।
উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :