বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০২:০০ পিএম

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেইলি খবর ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পুরো হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে এনসিপি মৌলভীবাজার জেলার পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।

অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও পৃথক কর্মসূচি ঘোষণা করলে শহরে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহবুব চৌধুরী মুবিনসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সিলেটে পাঠানো হয়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!