শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রাজনৈতিক নাশকতা বলে মনে করছি: এমপি নুসরাত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:৫০ পিএম

রাজনৈতিক নাশকতা বলে মনে করছি: এমপি নুসরাত

ডেইলি খবর ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গ্রামের বাড়িতে ‘অগ্নিসংযোগের’ ঘটনাকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম।

ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। তিনি বলেন, ‘বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ওই বাড়িতে আমার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। এছাড়া বাড়ির ভেতরেই আমার একটি খামার ছিল।’

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দু’টি ছাগল মারা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতের ঘটনার বর্ণনা দিয়ে নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, ‘আমরা রাতের খাবার খেয়ে বসে গল্প করছিলাম। এর মধ্যে বিকট শব্দে আমাদের ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারি। আগে আমরা ওই বাড়িতেই থাকতাম। এটি আমাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’সংবাদ বিশ্লেষণ

বাড়িটিতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম সাবান বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। কয়েকটি বিকট শব্দ শোনার পর দেখি ঘরে আগুন লেগেছে। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে আমার পরিবারের সবকিছু পুড়ে গেছে। এখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতাম।’

নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দু’টি ছাগল মারা গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড বাড়িটির পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে আগুন পাশের ভবনটিতে ছড়িয়ে পড়েনি।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!