ডেইলি খবর প্রতিবেদক: তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক ও শ্রমিক দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা মজুরি প্রস্তাব করেছে। বিপরীতে শ্রমিকপক্ষ প্রস্তাব করেছে ২২ হাজার টাকা। মঙ্গলবার আলোচনার ফাঁকে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।
বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টায় আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।এর আগে, গত ৯ই নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার ২টায় শুরু হওয়া মজুরি বোর্ডের ৪র্থ সভা বিকাল ৪টা পর্যন্ত চলে। সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে না পারায় বৈঠক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।
সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সভায় মালিকপক্ষ তাদের সংশোধিত প্রস্তাব জমা দিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। তবে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। ফলে দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা চলছে। আশা করি মঙ্গলবার রাত ৯টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হবে।
মালিকপক্ষের মজুরি প্রস্তাব: ধাপে ধাপে বেতন বাড়ানোর উদ্যোগমজুরি নির্ধারণ বৈঠকে মালিকপক্ষ বিভিন্ন ধাপে প্রস্তাব দিয়ে ২০২৩ সালের বিদ্যমান কাঠামোর তুলনায় মজুরি বাড়ানোর রূপরেখা তুলে ধরেছে।
সভায় মালিকপক্ষের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ১৭ হাজার ৮৫০ টাকা, গ্রেড-২ এ ১৬ হাজার ৯৫০ টাকা, গ্রেড-৩ এ ১৬ হাজার ১১০ টাকা এবং গ্রেড-৪ এ ১৫ হাজার টাকা প্রস্তাব করা হয়। এতে পূর্বের গ্রেডের তুলনায় ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ২ হাজার ৮১৫ টাকা, ২ নম্বর গ্রেডে ২ হাজার ৬৭৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২ হাজার ৫৬০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়।
পরবর্তী ধাপে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাবে প্রথম প্রস্তাবের সঙ্গে ১ ও ২ নম্বর গ্রেডে ৩০০ টাকা করে এবং ৩ ও ৪ নম্বর গ্রেডে ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়, এর ফলে গ্রেড অনুযায়ী প্রস্তাবিত অঙ্ক দাঁড়ায় ১৮ হাজার ১৫০ টাকা, ১৭ হাজার ২৫০ টাকা, ১৬ হাজার ৬৫০ টাকা এবং ১৫ হাজার ৫০০ টাকা।
এরপর তৃতীয় প্রস্তাবে দ্বিতীয় প্রস্তাবের তুলনায় ১ নম্বর গ্রেডে ৬৭৮ টাকা, ২ নম্বর গ্রেডে ৬৩৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৪৬ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২০০ টাকা বাড়িয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত প্রস্তাবিত পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১৮ হাজার ৮২৮ টাকা, ১৭ হাজার ৮৮৭ টাকা, ১৬ হাজার ৯৯৬ টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।
সভায় মজুরি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে উচ্চতর মজুরির দাবি জানালেও পরবর্তী ধাপগুলোতে প্রস্তাব সমন্বয় করে নতুন অঙ্ক তুলে ধরা হয়।
শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এ ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা দাবি করা হয়। এ পর্যায়ে ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ৩২ হাজার ৯৬২ টাকা, ২ নম্বর গ্রেডে ২৮ হাজার ৭২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৪ হাজার ৪৫০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ১৯ হাজার ৫০০ টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।
আলোচনার দ্বিতীয় ধাপে শ্রমিকপক্ষ ১, ২ ও ৩ নম্বর গ্রেড থেকে ৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেড থেকে ৭ হাজার টাকা কমিয়ে নতুন প্রস্তাব দেয়। এতে দ্বিতীয় প্রস্তাবে গ্রেড-১ এ ৪০ হাজার টাকা, গ্রেড-২ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩০ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে তৃতীয় প্রস্তাবে শ্রমিকপক্ষ ১ ও ২ নম্বর গ্রেড থেকে ৫ হাজার টাকা এবং ৩ ও ৪ নম্বর গ্রেড থেকে ৩ হাজার টাকা কমিয়ে প্রস্তাব দেয়। এর ফলে সর্বশেষ প্রস্তাবে গ্রেড-১ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২ এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩ এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।ফাইর ছকি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :