মনোহরদী(নরসিংদী) প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড.সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। তাছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদে গুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক গুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারে। তাছাড়া যেসব হাসপাতাল গুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রংশের অভাবে অকার্যকর অবস্থায় পরে আছে সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুরসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :