শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার সাজেকে সড়ক অবরোধ স্থগিত, খুলে দেওয়া হয়েছে সব পর্যটনকেন্দ্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১১:০৭ পিএম

এবার সাজেকে সড়ক অবরোধ স্থগিত, খুলে দেওয়া হয়েছে সব পর্যটনকেন্দ্র

পর্যটন ডেস্ক: রাঙামাটির সাজেক পর্যটন সড়কে ডাকা সড়ক অবরোধ কর্মসূচি টানা ছয় দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। অবরোধ কর্মসূচি স্থগিত করায় আগামীকাল শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত সাজেক সড়কে যান চলাচল ও পর্যটক যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। একই সঙ্গে রাঙামাটি জেলা প্রশাসন থেকে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য পুনরায় উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির বিশেষ অনুরোধে এবং সার্বজনীন এই উৎসবের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশের মতো সাজেক মাচলং বাজারেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় উৎসবের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং পুণ্যার্থীদের যাতায়াত সুগম করতেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

আন্দোলনকারী সংগঠনের নেতারা দাবি করেন, এই অবরোধ কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে বা কোনো জাতি, ধর্ম ও বর্ণের বিরুদ্ধে নয়; বরং সাজেকবাসীর জানমাল রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থেই গড়ে তোলা হয়েছে।

পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক

এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনার পরিবর্তন এনে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পুনরায় পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পূজার ছুটিতে পর্যটকরা এখন নির্বিঘ্নে সাজেক ভ্রমণ করতে পারবেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!