আইন-অপরাধ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পাবনার বেড়া উপজেলা। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে; এ সময় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে হয়।
বেড়ার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে মূলত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে সংঘর্ষ শুরু হওয়ার পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা তীব্র রূপ নেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত করতে শুরুতে বেগ পেতে হয়; এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :