ডেইলি খবর সংবাদদাতা: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই পর্যটক। বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের জলতরঙ্গ পয়েন্টে এই ঘটনা ঘটে। তাদের মধ্যে ইয়াছিন খান নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর পর্যটক ইব্রাহিম খান এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ও নিহত দুজনই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা।
বিচকর্মীরা জানায়, দুপুরে সমুদ্রে গোসল করতে নামেন ইয়াছিন ও ইব্রাহিম খান। একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ইয়াছিন খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ইব্রাহিম খানের সন্ধান এখনও পাওয়া যায়নি। ঘটনার পর থেকে লাইফগার্ড ও বিচকর্মীরা সমুদ্রে তার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত ২২ ও ২৪ আগস্টের মধ্যে একটি কোম্পানির বার্ষিক ভ্রমণে কক্সবাজারে আসেন তারা। ইয়াছিন ও ইব্রাহিম আই জেড কেপি কোম্পানিতে চাকরি করেন বলে স্বজনদের কাছ থেকে জানা গেছে। নিখোঁজ ইব্রাহিম খানের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :