ডেইলি খবর ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত আলিম চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমস এন্ড ভ্যাট অফিসে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং দুর্ঘটনার সময় ওই বাসের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর উঠে উল্টে গেলে ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আবদুল আলিমের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাজেদ হোসেন বলেন, দুটি রেকার দিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। গাড়িটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :