আইন অপরাধ ডেস্ক: খুলনার রূপসা উপজেলায় মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে নিজেদের মালিকানাধীন ইটভাটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবদলের কর্মী হিসেবে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট এবং দুই কন্যাসন্তানের জনক।
স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কারা কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :