রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৩৭ পিএম

দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২

জেলা প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেছে। এর মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো—দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) এবং মেয়ে খাদিজা (১২)। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে। আহত হয়ে শান্তি নামে এক শিশু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুতে বিকেলে স্থানীয়দের ব্যাপক ভিড় জমে। অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ শিশু নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর দুই শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।ঈদের আনন্দঘন সময়ে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!