শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় দুই কিশোর ও এক নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) জেলার সদর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় ট্রাকের চাপায় কৃষক ইমন মিয়া (২৬) ও তার গরুটি ঘটনাস্থলেই মারা যায়। নিহত ইমন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।
দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র ইরফানকে (১৬) মৃত ঘোষণা করেন। নিহত ইরফান শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে এবং সে কিশোরগঞ্জ উচ্চ বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
ওই দুর্ঘটনায় গুরুতর আহত অপর কিশোর নৌশাদকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয়।
এছাড়া, দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।
একই দিন বিকেলে সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া এবং কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশেদ আলম এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :