আইন-অপরাধ ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় কয়েকজন শ্রমিক সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে রওনা হন। এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন। কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে তাঁরা মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবস্থান নেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে গেলে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় গিয়ে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শ্রমিকরা লাঠিসোঁটা হাতে নিয়ে সড়কে মিছিল করছিলেন। এ সময় আনসার সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে সামনে এগোতে থাকেন। একপর্যায়ে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াতে শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা করেন।
এদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করে।
পুলিশ ও আনসার সদস্যরা কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ অব্যাহত ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে তাঁরা অন্য স্থানে গিয়ে অবরোধ করছেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :