শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদ পানির নিচে ক্ষতিগ্রস্ত দুই বোট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৯:৫৩ এএম

বিপদ পানির নিচে ক্ষতিগ্রস্ত দুই বোট

ডেইলি খবর ডেস্ক: নৌপথে মাঝি-মাল্লারা জানে না পনির নিচে কি? খালের পানির নিচে পড়ে আছে নির্মাণাধীন সেতুর লোহার অ্যাঙ্গেল। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু পণ্যবাহী বোট চলাচলের জন্য তা যেন মরণফাঁদ।সেই লোহার কাঠামোয় ধাক্কা লেগে একের পর এক ঘটছে বোটডুবি ও দুর্ঘটনা। আগেও কয়েক দফা দুর্ঘটনায় বোটডুবির ঘটনা ঘটেছে। এবার একই দিনে দুর্ঘটনার শিকার হয়েছে দুটি লবণবোঝাই বোট। এর মধ্যে একটি লবণসহ ডুবে গেছে, অন্যটির তলা ফেটে গেছে।
দুই ঘটনায় প্রায় ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার চানখালী খালের নাইখাইন এলাকায় নির্মাণাধীন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, সেতু নির্মাণকাজে ব্যবহৃত লোহার অ্যাঙ্গেল ও অন্যান্য নির্মাণসামগ্রী খালের তলদেশ থেকে অপসারণ না করায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে। অথচ একের পর এক দুর্ঘটনার পরও নৌপথটি নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, পেকুয়ার মগনামা থেকে নৌপথে পটিয়ার ইন্দ্রপোল লবণশিল্প এলাকায় নিয়মিত লবণের কাঁচামাল পরিবহন করা হয়।

বৃহস্পতিবার দুর্ঘটনায় নুরুল আবছার ওরফে মনু কোম্পানির মালিকানাধীন প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি বোট লবণসহ ডুবে যায়। বোটটিতে প্রায় ১০ লাখ টাকার লবণ ছিল। এতে বোট ও পণ্য মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

একই ঘটনায় আবদুর শুক্কুর ওরফে শুক্কুর কোম্পানির মালিকানাধীন অন্য একটি বোটের তলা ফেটে যায়।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। সবমিলিয়ে এক দিনের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ লাখ টাকা।
ব্যবসায়ীদের অভিযোগ, নির্মাণাধীন সেতুর নিচে পানির তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেলে ধাক্কা লেগে এর আগেও অন্তত ১০ থেকে ১২টি বোটডুবির ঘটনা ঘটেছে। কয়েকবার দুর্ঘটনার পরও লোহার কাঠামো অপসারণ না করায় একই স্থানে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাঁদের প্রশ্ন, একের পর এক বোটডুবির পরও কেন সরানো হচ্ছে না খালের তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল, নৌপথে চলাচলকারী বোটগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার, আরও বড় কোনো দুর্ঘটনা ঘটার পরই কি সংশ্লিষ্টদের টনক নড়বে?

চানখালী খাল দক্ষিণ চট্টগ্রামের লবণ ব্যবসা ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। পেকুয়ার মগনামা থেকে ইন্দ্রপোলের লবণশিল্প এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ লবণের কাঁচামাল আনা-নেওয়া হয় এ খাল দিয়ে। এই নৌপথের ওপর নির্ভরশীল রয়েছেন বোট মালিক, শ্রমিক, মাঝি ও ব্যবসায়ীরা। কিন্তু নির্মাণাধীন সেতুর আশপাশে পানির নিচে থাকা লোহার কাঠামোর কারণে এখন প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বোট চালাতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বোট মালিকের পুঁজি, শ্রমিকদের জীবিকা এবং পুরো পরিবহনব্যবস্থার ওপর বড় ধরনের চাপ পড়ছে।

অপরদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া লবণ মিল মালিক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। এ সময় ব্যবসায়ীরা খালের তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল ও নির্মাণসামগ্রী দ্রুত অপসারণের দাবি জানান। বারবার দুর্ঘটনার পরও যদি একই স্থানে বিপজ্জনক লোহার কাঠামো পড়ে থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বোটের শ্রমিক ও মাঝিদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা অবিলম্বে চানখালী খালের তলদেশ থেকে নির্মাণকাজে ব্যবহৃত সব লোহার অ্যাঙ্গেল ও অন্যান্য সামগ্রী অপসারণ, দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সতর্কসংকেত স্থাপন এবং নৌপথ নিরাপদ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তাঁরা। এ সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংসদ সদস্যের উদ্যোগে সংশ্লিষ্ট সেতু নির্মাণ কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. এমরানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!