মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার পাইলটিং স্কিম চালুর উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। এর মাধ্যমে দেশব্যাপী স্বাস্থ্যসেবা আরও সহজ ও জনবান্ধব করার পরিকল্পনা রয়েছে সরকারের।
আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির উর্ধ্বে থাকতে হবে। আদ দ্বীন হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নেওয়ার জন্য আমার দ্বারে দ্বারে ঘুরেছে। কিন্তু আমি নিতিতে অটল থেকে তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আদ দ্বীন হাসপাতালের অবহেলায় ছয়টি শিশু মারা যাওয়ার পরও তাঁরা আজ আদ দ্বীনের পক্ষে কথা বলে।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০ লক্ষ টাকা নগদ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী প্রশাসন পরিচালনা করছে এবং দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে।
সরকারি সেবা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে সব পর্যায়ে দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের চিকিৎসার জন্য বিশেষ সুবিধা রাখা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :