ডেইলি খবর ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে।
এর আগে একইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে পরীক্ষামুলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কারিগরি পরীক্ষার পরবর্তী ধাপ সম্পন্ন করার প্রস্তুতি হিসেবেই এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটকে পুনরায় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’ শুরু হবে। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। বায়েরা অনুমোদনের পর শুরু হওয়া পরীক্ষামূলক পরিচালনার সময় থেকে এ ১০ মাসের মেয়াদ গণনা করা হবে। এ পর্যায় শেষ হলে রোসাটমের কাছ থেকে প্রথম ইউনিটের দায়িত্ব প্রাথমিকভাবে বুঝে নেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন দাঁড়ায় ৩৫০ মেগাওয়াটে। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়। পর্যায়ক্রমে প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে উন্নীত হয়েছিল ইউনিটটি।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :