বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:০৮ এএম

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের প্রাণহানি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের প্রাণহানি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আট তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করছেন।

নিহতরা হলেন হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০), কুলসুমা (৩৫)। এ ছাড়া অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাজ উদ্দিন বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়।’

তিনি আরো বলেন, আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় হুড়োহুড়ি করে নিচে নামার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং কয়েকজন নীচে পড়ে পদদলিত হয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার ছাদে অবস্থিত ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে লিফটের কন্ট্রোলরুমের বৈদ্যুতিক মেশিনে ওভারহিট/শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের নিরাপত্তাকর্মী, স্টাফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন। এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। 

৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় কমিশনার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, ‘জরুরি বিভাগে যে দুজনের মরদেহ ছিল, সেটি স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু। এছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়লে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবন থেকে দ্রুত সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটিসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ভবনের নিরাপত্তাকর্মীদের সহায়তায় নারী ও শিশুসহ রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এদিকে আগুন লাগার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়। প্রশাসনের আনুষ্ঠানিক এই বক্তব্যের মাধ্যমে সেই ধোঁয়াশা পরিষ্কার হলো। সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!