শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে পুরো গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৫:০৪ পিএম

বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে পুরো গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা

ডেইলি খবর ডেস্ক: রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বৃহস্পতিবার ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ওজোপাডিকোর ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি বিদ্যুৎ অবকাঠামো, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু না করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জন তার কার্যালয়ের কম্পাউন্ডে ঢুকে পড়েন। এ সময় তারা অফিসের একটি কাচ ভেঙে ফেলেন এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দেন। এরপর হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মীরা বাইরে যেতে ভয় পাচ্ছেন।

মাঈন উদ্দিন বলেন, ‘স্টাফরা বাইরে গিয়ে কাজ করেন। তারা যদি ভয়ে কাজ করতে না পারেন, তাহলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যুতের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হবে। কর্মীরা কাজ করতে না পারলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সবাইকে সতর্ক ও সচেতন করতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

গোপালগঞ্জের সচেতন মহলের অভিমত, বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে এ খাতের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো অবস্থাতেই বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা করা উচিত নয়।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!