শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কিশোরগঞ্জে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১০:০৭ পিএম

কিশোরগঞ্জে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

আমিনুল ইসলাম সুমন (কি‌শোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর অধ‌্যু‌ষিত উপ‌জেলা অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। 
এ ঘটনায় তাঁর স্ত্রী রুমা বেগমসহ (৩৬) দুই নারী আহত হয়েছেন। আহত অপর নারীর নাম মর্জিনা বেগম (৫০)।শ‌নিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তুপ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মহব্বত খাঁ লুটিয়ে পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গে‌ছে। এ সময় তার স্ত্রী রুমা বেগমও বজ্রাঘাতে আহত হন। এছাড়া পাশেই থাকা মর্জিনা বেগম নামে আরেক নারীও বজ্রাঘাতে আহত হন। আহত দুইজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে।আকস্মিক এ দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।        
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!