বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনসহ কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত সমস্যা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে একটি জেনারেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করা এবং জরুরি বিভাগে রোগীদের সেবার মান বাড়াতে তিনজন স্বেচ্ছাসেবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কারের প্রস্তাব উত্থাপন করে। ভবনটির প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :