আইন-অপরাধ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।আজ রোববার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার জেলায় এই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সহিংসতা মোকাবিলায় তাঁরা মাঠে কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে।মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের সঙ্গে যুক্ত ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি (লাইভ) ফুটেজ সদর দপ্তর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :