বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অবরোধের ১ ঘন্টা পর গাজীপুরে মহাসড়কে যান চলাচল শুরু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০২:৩২ পিএম

অবরোধের ১ ঘন্টা পর গাজীপুরে মহাসড়কে যান চলাচল শুরু

ডেইলি খবর ডেস্ক: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধের প্রায় এক ঘণ্টা পর গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান নেন। একপর্যায়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে যান। এরপর যান চলাচল শুরু হয়। শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল ১০টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!