আইন-অপরাধ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পালকী পরিবহণ’র একটি বাস। পথিমধ্যে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় পৌঁছে যানটির চাকা বিকল হয়ে পড়লে তা পার্কিং করে রাখা হয়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির হানিফ পরিবহণ’র একটি বাস সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যোগাযোগ স্বাভাবিক হয়।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, খবর পেয়ে তাদের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে নিয়োজিত করা হয় এবং বর্তমানে উদ্ধার তৎপরতা সম্পন্ন হয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :