শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে মাঠে ফুটবল খেলতে না দেয়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে চার ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি দোকান ও বাড়ি-ঘর ভাঙচুর করেছে সংঘর্ষকারিরা।রোববার (৫ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াকান্দা বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার ছেলেরা। এ সময় একই এলাকার পলাশের মোড়ের ছেলেরা ফুটবল খেলতে চাইলে বাধা দেয় মসজিদ পাড়ার ছেলেরা। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সন্ধ্যা হয়ে গেলে টর্চলাইট জ্বালিয়ে রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ অব্যহত রাখে উভয় পক্ষের লোকজন।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বাড়ি-ঘর এবং দোকান-পাট ভাঙচুরসহ সকল বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :