জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে তাজুল রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সহজ-সরল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ (তাজু ভাই ২.০) হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ রবিবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়। এক মিলিয়ন অনুসারীর পেজটি উধাও হয়ে যাওয়ায় তার ভক্তরা ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
জানা গেছে, সম্প্রতি স্বাধীনতা দিবসে জিলাপির সরকারি রেটে বিক্রির করা একটি ভিডিওর মাধ্যমে তাইজুল ইসলাম তাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।
তার সরলতা, স্বতঃস্ফূর্ত উপস্থাপন এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভিন্নধর্মী কনটেন্ট দ্রুত মানুষের মন জয় করে। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন মহলে সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।
ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিদিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাতে থাকেন বিভিন্ন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা। কেউ সাক্ষাৎকার নিতে, কেউ আবার ভিডিও ধারণ করতে ছুটে আসেন।এতে করে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এক ধরনের অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
এদিকে হঠাৎ করেই তার ফেসবুক পেজটি খুঁজে না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে পেজটি খুঁজে না পাওয়ার কোনো কারণ জানা যায়নি।
২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে কনটেন্ট তৈরি শুরু করলেও দীর্ঘদিন তেমন সাড়া পাননি তাজু।তবে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে একটি জিলাপির দোকানে গিয়ে করা ভিডিওই বদলে দেয় তার ভাগ্য। ভিডিওটিতে তিনি সরকারের নির্ধারিত দামে জিলাপি বিক্রি নিয়ে সরল ভাষায় প্রশ্ন তোলেন। ২৮ মার্চ থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক সপ্তাহের মধ্যে প্রায় ৮০ লাখ ভিউ অর্জন করে।
ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ নামের তার ফেসবুক পেজে অনুসারী ছিল মাত্র ছয় হাজার। কিন্তু মাত্র ৮ দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ লাখে, যা কুড়িগ্রাম জেলার জন্য একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তাজুর ভিডিওগুলোতে দেখা যায়, তিনি হাতে বুম মাইক নিয়ে টেলিভিশন প্রতিবেদকদের আদলে উপস্থাপনা করেন। তার কনটেন্টে উঠে আসে গ্রামীণ জীবনের বাস্তবতা, স্থানীয় সমস্যা এবং সাধারণ মানুষের কথা, যা সহজ ভাষা ও আন্তরিক ভঙ্গির কারণে দ্রুত জনপ্রিয়তা পায়।
তবে এই আকস্মিক জনপ্রিয়তা এখন তার জীবনে যেমন পরিচিতি এনে দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নানা চাপ ও বিব্রতকর পরিস্থিতি। প্রতিদিন অসংখ্য মানুষ তার বাড়িতে ভিড় করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকেই সহানুভূতি দেখিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিলেও, তা নিয়েও তৈরি হচ্ছে নতুন ধরনের চাপ।
এরই মধ্যে গত ২ এপ্রিল নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তার জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, স্বল্প সময়ে অর্জিত এই জনপ্রিয়তা এখন তাজুর জীবনে একদিকে যেমন সম্ভাবনার দুয়ার খুলেছে। অন্যদিকে তৈরি করেছে অনাকাঙ্ক্ষিত চাপ ও অনিশ্চয়তা। তার ফেসবুক পেজের রহস্যজনক অন্তর্ধান সেই অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন।
তাইজুল ইসলাম ওরফে তাজু ভাই টিমের সমন্বয়ক ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুক পেজ ‘অবেলা মিউজিক’-এ লিখেছেন, “আমাদের সবার প্রিয় ভাইরাল তাজু ভাইয়ের ‘তাজু ভাই ২.০’ পেজটি ফেসবুক কম্পানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আমরা আশাবাদী অতি শীঘ্রই ‘তাজু ভাই ২.০’ পেজটি আমাদের সবার প্রিয় ভাইরাল তাজু ভাই ফেরত পাবেন।”সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :