বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:২৬ পিএম

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী নিহতের পরিবারের মাঝে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ)  রাতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে পৌঁছেন তিনি।এসময় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ ছাড়া সৌদি আরবের সরকারের সাথে যোগাযোগ করে ক্ষতিপূরণ আদায়ে সরকার ব্যবস্থা  নিবে বলে জানান।পাশাপাশি পরিবারটির বসবাসের জন্য স্থায়ীভাবে থাকার জায়গার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন ও জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮মার্চ রোববার সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!