সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের ৪০ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:৫৫ এএম

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের ৪০ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজের ৪০ ঘন্টা পর এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ রবিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে একই এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

নিহত শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিকলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পর্যটক নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। রবিবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবার অভিযান স্থগিত করা হয়। শনিবারও অভিযান চালানো হয়। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!