রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নাটোরে ল্যাপটপ হারানো সেই জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি ব্যবসায়ী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৫:৩৮ পিএম

নাটোরে ল্যাপটপ হারানো সেই জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি ব্যবসায়ী

ডেইলি খবর ডেস্ক: বাংলাদেশে বেড়াতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে বিপাকে পড়েছিলেন জার্মানির ১৮ বছর বয়সী পর্যটক ক্রিল ল্যান্ডার। তার অসহায়ত্বের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে এগিয়ে এসেছেন মুক্তি মাহমুদ নামের এক বাংলাদেশি। তরুণ এই পর্যটককে একটি ম্যাকবুক উপহার দিয়েছেন তিনি, যাতে বাংলাদেশ থেকে ফেরার আগে ক্রিলের স্মৃতিতে কিছুটা হলেও ভালো অভিজ্ঞতা থাকে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

মুক্তি মাহমুদ রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তিনি জানান, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরির খবর দেখছিলেন। পরে থানায় বসে তার কান্নার ভিডিও দেখে মর্মাহত হন। তখন নিজের ছেলের কথা মনে পড়ে তার।

মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে বেড়াতে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার ঘটনা দেশের জন্য লজ্জাজনক। ক্রিলের বয়সী তার নিজেরও একটি ছেলে রয়েছে, যে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি তাকে আরও বেশি নাড়া দেয়।

তিনি বলেন, ভিডিওটি দেখার পর থেকেই ক্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। পরে শাওন নামের একজনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করেন। এরপর সবার পক্ষ থেকে ক্রিলকে একটি ম্যাকবুক উপহার দেন।মুক্তি মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ ছাড়ার আগে তরুণ পর্যটকটি যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেটিই আমার চাওয়া।’

দীর্ঘ সময় লন্ডনে থাকা মুক্তি মাহমুদ রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন। তার বিদেশি বন্ধুদের অনেকেই ক্রিলের জিনিসপত্র চুরির ঘটনায় বিব্রত হয়েছেন বলে জানান তিনি। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলেও মনে করেন মুক্তি মাহমুদ।

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। তিনি জানান, জিনিসপত্র হারানোর পর অনেকেই তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং সহানুভূতি জানিয়েছেন। নতুন ম্যাকবুক পাওয়ায় তিনি আবার কাজ করতে পারবেন।

ক্রিল বলেন, এই সহায়তা তার কাছে প্রশংসনীয়। ম্যাকবুকটি ব্যবহার করে তিনি আবার কাজ শুরু করতে পারবেন। পুরো ঘটনাটি তার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক। চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। এর মধ্যে একজন ব্যক্তি নিজ উদ্যোগে ক্রিলকে ম্যাকবুক উপহার দিয়েছেন, যা দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’

এখনও উদ্ধার হয়নি ল্যাপটপ ও ক্যামেরা-নতুন ম্যাকবুক পেলেও ক্রিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনও উদ্ধার হয়নি। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়া হয়েছে।

গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল। এ সময় রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের কোনো সন্ধান পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মী নন।

ঘটনার পর ক্রিল নাটোর সদর থানায় অভিযোগ জানান। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় রাজশাহীতে যান। সেখানে পুলিশ তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন বৃহস্পতিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন তিনি। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!